শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের কয়েক দিনের মাথায় লিমা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী একরামুল হক (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। গত ১৫ অক্টোবর পারিবারিকভাবে একরামুলের সঙ্গে লিমার বিয়ে হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে লিমার মনোমালিন্য হয়। রাত ৩টার দিকে একরামুল লিমার ভগ্নিপতিকে ফোন করে স্ত্রী অসুস্থ বলে জানান।

পরে রাত ৪টার দিকে লিমাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশকে জানানো হয়।

লিমার স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের একপর্যায়ে তাঁকে নির্যাতন করে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। তবে একরামুলের দাবি, মাঝরাতে ঘুম থেকে উঠে তিনি স্ত্রীকে ঘরের বাইরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং নিজেই তাঁকে নামিয়ে আনেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।