শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপে নগদ অর্থ ও বস্ত্র সহায়তা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলী আজগর কাজী। উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ সহায়তা বিতরণ করা হয়।
রুদ্রকর ইউনিয়নের বালারবাজার, সুবোচনী, ঘোড়াঘাট, বুড়িরহাটসহ পাঁচটি পূজামণ্ডপে দুই শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল হক বাদল, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সহসভাপতি শেখ খলিলুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা, অ্যাডভোকেট এনামুল হক, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মোল্লা, জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার এবং রুদ্রকর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমান হোসেন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন