শরীয়তপুরের আংগারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পেছনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেছে শরীয়তপুর পৌরসভা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এলাকাটি বর্জ্যমুক্ত করা হয়।
উক্ত সড়ক ও আশপাশের এলাকা দিয়ে প্রতিদিন আংগারিয়া উচ্চ বিদ্যালয়, আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য পরিষ্কার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি পৌরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখতে বিভিন্ন মহল্লায় নিয়মিত মশা নিধনের কীটনাশক স্প্রে কার্যক্রমও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রুপম চন্দ্র বলেন, “আমাদের এলাকায় মশা নিধনে স্প্রে করা হয়েছে। প্রতিটা বাসাবাড়ি ও ড্রেনে যদি নিয়মিত স্প্রে কার্যক্রম অব্যাহত রাখা হয়, তবে মশার উপদ্রব কমার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।”
পৌরসভা সূত্রে জানা যায়, নাগরিক সেবাকে হাতের মুঠোয় আনতে ও ভোগান্তি কমাতে ইতোমধ্যে অনলাইন ফি/কর প্রদান ব্যবস্থা চালুর পাশাপাশি একটি কেন্দ্রীয় ‘হেল্পডেস্ক’ বা তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।
শরীয়তপুর পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. ওয়াহিদ হোসেন জানান, শরীয়তপুর একটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও আয়ের সীমাবদ্ধতার কারণে শতভাগ নাগরিক সুবিধা প্রদানে মাঝেমধ্যেই হিমশিম খেতে হয়। তাই পৌরসভার চলমান উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড গতিশীল রাখতে নাগরিকদের সময়মতো পৌরকর পরিশোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে পৌর কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
সুশীল সমাজের মতে, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে যত্রতত্র যেন আবারও ময়লা না জমে, সে বিষয়ে নিয়মিত নজরদারি এবং নাগরিকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন