অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার সকাল ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পরে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম পোস্টে লিখেছেন, গতকাল ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন। তাকে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত না থাকার নির্দেশ দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্রও চেয়েছেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে যান এবং সেই কর্মকর্তার সহায়তায় পদত্যাগপত্রের খসড়া তৈরি করেন।
শফিকুল আলম আরও লিখেছেন, এরপরই পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে। মনে হচ্ছিল, তিনি সিদ্ধান্তটি বদলে দেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। প্রধানমন্ত্রী দিনভর ব্যস্ত ছিলেন এবং রাত ১১টার দিকে তার দিনের কাজ শেষ করেন।
তার শঙ্কা, গত রাতে ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তার জারি করা বিবৃতিটি ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার শেষ মুহূর্তের চেষ্টারই অংশ।
এর আগে গত রোববার রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। একে গুজব বলে আখ্যায়িত করেছিলেন ইশরাক হোসেন। তার প্রেস কর্মকর্তাও সংবাদটিকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছিলেন।
গত শনিবার ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গতকাল দিনভর তা আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল।
—

মন্তব্য করুন