হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর পর যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সোমবার সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি এ তথ্য জানান।
সন্ধ্যা ৭টায় মন্ত্রী বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় যান। সেখানে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লাগেজ পেতে কতক্ষণ সময় লাগছে, তা জানতে চান। যাত্রীরা নতুন এ ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন তার বাস্তবায়ন দেখা যাচ্ছে।
মন্ত্রী বলেন, যাত্রীরা তাকে জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তবে এ সেবার মান ধরে রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোই এখন গুরুত্বপূর্ণ। যাত্রীসেবার মানোন্নয়ন ও লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে এ রুটে আবার ফ্লাইট চালু করা হবে। আপাতত যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম ও মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—

মন্তব্য করুন