শরীয়তপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞায় মৎস্য বিভাগের চলমান অভিযানে জেলেরা হামলা চালিয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পদ্মা নদীর জাজিরা উপজেলার পালেরচর এলাকায় এ হামলা হয়।
অভিযানে থাকা শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে বহনকারী স্পিড বোটেও ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা। এ ঘটনায় সংসদ সদস্য নিরাপদে আছেন। তবে অভিযানে অংশ নেওয়া দুজন আহত হয়েছেন। শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও মৎস্য বিভাগ জানায়, আজ ভোররাত ৪টার দিকে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে পদ্মা নদীর জাজিরা অংশে অভিযানে নামে কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সকাল ৯টার দিকে পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম চর কলিকাল এলাকায় পৌঁছালে অভিযানকারী দলের ওপর সংঘবদ্ধ হামলা চালায় জেলেরা।
এ সময় জেলেরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে অভিযানকারী দলের বোটের ওপর হামলা চালায়। জেলেদের হামলার মুখে পিছু হটে অভিযানকারী দলের সদস্যরা। পরবর্তীতে অতিরিক্ত নৌ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযানকারী দলের সঙ্গে যোগ দিলে জোরালো অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এতে পালিয়ে যান হামলাকারীরা। এ ঘটনায় অভিযান টিমে থাকা দুজন সদস্য সামান্য আহত হন।
এর আগে গত রাত ৪টা থেকে চলমান অভিযানে সকাল পর্যন্ত ৪১ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ।

মন্তব্য করুন