রাতের আঁধারে নদী পার হওয়ার অপেক্ষা, এরপর নৌকায় ওঠা। কিন্তু গন্তব্যে না নিয়ে ওই নারীকে নিয়ে যাওয়া হয় একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবনে। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। খুলনার তেরখাদার এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ওই নারী নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। তবে তাকে দিঘলিয়ার দিকে না নিয়ে মধুপুরের শ্যামনগর এলাকার একটি পুরোনো প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহজাহান শরীফ (৩৮)।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।