শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে শরীয়তপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শহরের পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বস্ত্র বিতরণ করেন শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও যুবদল নেতা শাহিন মাদবর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু।

দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সুবিধাভোগীদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ, যুবদল নেতা মো. সুমন খানসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।