খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরির ঘটনায় ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার এক অফিস আদেশে তাঁকে মন্ত্রীর দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ক্ষেমালিকা চাকমা বিষয়টি নিশ্চিত করলেও অব্যাহতির কারণ সম্পর্কে মন্তব্য করেননি।

এর আগে একই ঘটনায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়ালকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আবদুল আওয়ালের টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের জন্য ৮ অক্টোবর সরকারি সফরসূচি জারি করা হয়। রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই সূচি অনুযায়ী ১১ অক্টোবর পরিদর্শনে যান আবদুল আওয়াল।

মন্ত্রণালয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সফরের বিষয়ে খাদ্যমন্ত্রী জানতেন না। পরে বিষয়টি জানতে পেরে তিনি বিরক্ত হন। এরপর রফিকুল ইসলামকে অননুমোদিত সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং পরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

—