আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
এর আগে রাতভর তার দপ্তর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদত্যাগের নির্দেশনার বিষয়টি অস্বীকার করে। গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে হাতে পিস্তল নিয়ে অংশগ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ার পর ইশরাক হোসেনকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যে রোববার তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সেই খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিলেন ইশরাক নিজে ও তার দপ্তর।
সোমবার সকালে ইশরাক হোসেনের ফেসবুক পোস্টের আগ পর্যন্ত পদত্যাগের নির্দেশের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।
পোস্টে প্রতিমন্ত্রী আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ‘সুশীল মানুষ’কে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ইশরাক হোসেন উল্লেখ করেন, এবার সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার কথা জানান তিনি। এছাড়া দেশব্যাপী ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন