মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ইশরাককে ডেকে এই নির্দেশ দেওয়া হয় বলে সূত্রগুলোর ভাষ্য। তবে রাত পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর এক দিন আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী কার্যক্রমে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেন ইশরাক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, ওয়ারী বিভাগের উপকমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইশরাক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে দাবি করেছেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজের ও অন্যদের নিরাপত্তার জন্য তিনি এবং তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময় অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তাঁর দাবি, অস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত এবং আত্মরক্ষার জন্য প্রদর্শন করায় আইনের কোনো ব্যত্যয় হয়নি।

ঘটনাস্থলে যাওয়ার আগে পুলিশের সঙ্গে সমন্বয়ের বিষয়েও ভিন্ন বক্তব্য এসেছে। ইশরাক দাবি করেছেন, মাদকবিরোধী কর্মসূচিটি পুলিশ ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে হয়েছিল। অন্যদিকে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা বলেছেন, প্রতিমন্ত্রী আগে থেকে পুলিশকে জানাননি।

—