মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ।

গত ১৪ অক্টোবর স্কুলে যাওয়ার কথা বলে অষ্টম শ্রেণির দুই ছাত্রী ও সপ্তম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় জিডি করার পর পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গত ১৭ অক্টোবর ভোরে কক্সবাজারের একটি হোটেল থেকে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়। রোববার তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশের কাছে ছাত্রীরা জানিয়েছে, পারিবারিক অশান্তি, মা-বাবার মনোমালিন্য, মানসিক চাপ ও অবহেলার কারণে তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। বাড়ি ছাড়ার সময় তারা মায়ের চিকিৎসার জন্য জমানো নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, রাঙামাটি এলাকার ষোড়শ এক কিশোরের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। টিকটক ও ফ্রি ফায়ার গেমের মাধ্যমে তাদের পরিচয় হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমের অপব্যবহার নিয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

—