রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মেহেদী হাসান জানান, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। এই আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগিরই কারামুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা (৫৬)। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

মন্তব্য করুন