শিক্ষাসহ দুই মন্ত্রণালয় ও একটি বিভাগের তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার। বুধবার তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

পদমর্যাদা পাওয়া তিন সচিব হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তিন সচিবই চুক্তিভিত্তিক সচিব হিসেবে কর্মরত।

এর আগে আবদুল খালেককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আবদুল খালেক প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় সরকার, ভূমি, বিদ্যুৎ, বাণিজ্য ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও কাজ করেছেন।

—