শরীয়তপুরের নড়িয়ায় শতবর্ষী খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দোলন মল্লিকের বিরুদ্ধে। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, খালের পাশে এক শতক জমি কিনে সরকারি খাসজমিও দখল করে নির্মাণকাজ চলছে। স্থানীয়ভাবে নিষেধ করা হলেও নির্মাণকাজ বন্ধ হয়নি বলে তারা জানান।
খালটি নড়িয়া উপজেলার কৃতিনাশা নদী থেকে ঘরিসারের পদ্মা-হোগলা নদী পর্যন্ত বিস্তৃত। স্থানীয়দের ভাষ্য, এই খাল দিয়ে ট্রলার, কার্গো ও নৌকায় বিভিন্ন পণ্য ও নির্মাণসামগ্রী পরিবহন করা হয়।
কৃষক কামাল খান ও বিপ্লব সরদার বলেন, খাল বন্ধ করে ভবন নির্মাণের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে। তাদের আশঙ্কা, এতে কৃষিজমিতে পানি সরবরাহ ব্যাহত হয়ে বর্ষায় জলাবদ্ধতা বাড়তে পারে।
দোলন মল্লিকের কাছে জানতে চাইলে তিনি খাল দখল করে ভবন নির্মাণের কথা স্বীকার করে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইউম খান বলেন, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের সুযোগ নেই। কেউ ভবন নির্মাণ করলে সেটি উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন