বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একটি প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আবদুস ছালামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে পদায়ন করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে আরও ছয় অতিরিক্ত পুলিশ সুপারকে পদায়ন করা হয়। মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশে, মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে এবং এ কে এম ফজলুল হককে ঢাকা মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে। মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে, সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে এবং মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে দুজনের আগের বদলি বাতিল করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে বিশেষ শাখায় বদলির আগের আদেশ এবং মো. মারেফুল করিমকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

—