সরকার একসঙ্গে নয়টি মন্ত্রণালয়, কমিশন ও একাডেমিতে সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বদলি করেছে। তাদের মধ্যে একজন পদোন্নতি পেয়ে সচিব এবং দুইজন ভারপ্রাপ্ত সচিব হয়েছেন।

ছয়জনকে অন্য মন্ত্রণালয় বা দপ্তরে বদলি করা হয়েছে। পাশাপাশি একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার রাতে নতুন দায়িত্ব দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাণিজ্য, বস্ত্র ও পাট, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে এই রদবদল হয়েছে।

আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। মো. আবুল হাসনাত হুমায়ুন কবীর ও মাহফুজুল আলম খানকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কয়েকজন সচিবকে অন্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, জাতীয় নদী রক্ষা কমিশন ও জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

—