দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি গর্ব করে বলতে পারবেন, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকূপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।’

শৈলকূপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।

সভায় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।