যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে রাজৈর থানার বদরপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্যাহ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজৈর থানা পুলিশের সহযোগিতায় সোহাগ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানায় সিআইডি।
সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
তদন্তকারীরা জানান, তথ্য-প্রযুক্তিগত অনুসন্ধানে তার সংশ্লিষ্টতা উঠে আসার পর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।
এর আগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা দায়েরের পর সিআইডি তদন্ত শুরু করে।
এই মামলায় এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত ও গ্রেপ্তারের তথ্য জানিয়েছে তদন্ত সংস্থাটি।

মন্তব্য করুন