শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান খলিল মোল্লা। মঙ্গলবার (২০ অক্টোবর) ইউনিয়নের তিনটি গ্রামের নারীদের হাতে এসব শাড়ি তুলে দেন তিনি।

সকাল ৮টায় ২ নম্বর ওয়ার্ডের চরচটাং গ্রামে শাড়ি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় ৯ নম্বর ওয়ার্ডের খায়েরচর গ্রামে এবং দুপুর ২টায় ১ নম্বর ওয়ার্ডের চরমধ্যপাড়া গ্রামে নারীদের মধ্যে শাড়ি উপহার দেওয়া হয়।

খলিল মোল্লা শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সদস্য। সমাজসেবা, ব্যবসা ও শিক্ষার প্রসারে আগ্রহী হিসেবে পরিচিত তিনি।

শাড়ি বিতরণ প্রসঙ্গে খলিল মোল্লা বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতেই তার এ ক্ষুদ্র উদ্যোগ।

তিনি আরও বলেন, আংগারিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান। সব ধর্মের মানুষের সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই তার প্রত্যাশা।

উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহমর্মিতা বাড়াতে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।