সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তিবিরোধী অভিযানে বাংলাদেশ ও ভারতের নাগরিকসহ চার বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সৌদি আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আজেল এ তথ্য জানিয়েছে। তবে চারজনের মধ্যে কতজন বাংলাদেশি ও কতজন ভারতীয়, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের অংশ হিসেবেই রিয়াদে এ অভিযান পরিচালিত হয়। দেশটিতে অননুমোদিতভাবে অর্থ সংগ্রহ ও ভিক্ষাবৃত্তি ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।
একই সঙ্গে দান বা আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে নাগরিক ও প্রবাসীদের অনুমোদিত সরকারি মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে সৌদি জননিরাপত্তা বিভাগ। কর্তৃপক্ষের বক্তব্য, স্বীকৃত ব্যবস্থার মাধ্যমে অনুদান দিলে সহায়তা প্রকৃত প্রয়োজনমতো মানুষের কাছে পৌঁছানোর সুযোগ বাড়ে এবং অনিয়মের ঝুঁকি কমে।
এদিকে সৌদি আরবের আসির অঞ্চলে পৃথক এক অভিযানে মাদক পরিবহনের অভিযোগে আরও এক বিদেশি নাগরিককে আটক করেছে বিশেষ সড়ক নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষের দাবি, একটি গাড়িতে গোপনে রাখা প্রায় ৭০ কেজি মাদক পরিবহনের সময় তাকে আটক করা হয়।
ওই ব্যক্তির বিরুদ্ধেও আইনি কার্যক্রম শুরু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন