শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইলোরা হাওলাদারের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কয়েক শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দিনব্যাপী এ কর্মসূচি শেষ হয় আংগারিয়া ইউনিয়নের নতুন হাট এলাকায়।

গণসংযোগের সময় ইলোরা হাওলাদার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। শোভাযাত্রা বিভিন্ন গ্রাম ও বাজারে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইলোরা হাওলাদার শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম ইয়াকুব আলী হাওলাদারের কন্যা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা। আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারের ছেলে ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হাওলাদার বাবুর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

এতে আরও অংশ নেন আংগারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল সিকদার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরদার, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কালাম সরদার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মকবুল কাজী, সাবেক সদস্য ইউসুফ কাজী ও মজিবর সিকদার, আব্দুল জব্বার তালুকদার, বিল্লাল তালুকদার, খোকন বেপারী, আংগারিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জসিম ঘরামী, তারেক খান, রতন বেপারী, বাদশা মোড়ল, যুবদল নেতা মাসুদ সরদার, আংগারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুহুল ওঝা, সেন্টু সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।