সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে শরীয়তপুরে গাড়িচালকদের সচেতন করতে লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা কমিটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শরীয়তপুর ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন যানবাহনের চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন সংগঠনের নেতারা। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, গাড়ির নির্ধারিত গতিসীমা অতিক্রম না করা, চালানোর সময় মুঠোফোন ব্যবহার না করা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

শরীয়তপুর জেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেন ও কোষাধ্যক্ষ আসাদ খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।

লিফলেট বিতরণের পাশাপাশি তাঁরা চালকদের সড়কে সতর্কতার সঙ্গে চলাচল এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের আচরণ ও সচেতনতার পরিবর্তন জরুরি। চালকদের ট্রাফিক আইন মেনে চলা, যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এবং পথচারীদের প্রতি সতর্ক থাকা দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনার প্রভাব শুধু আহত বা নিহত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এর কারণে একটি পরিবারকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়। তাই সড়কে চলাচলের ক্ষেত্রে অসতর্কতা পরিহার করে প্রত্যেককে নিজের ও অন্যের জীবনের নিরাপত্তায় দায়িত্বশীল হতে হবে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারী সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।