চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে পৃথক দুই অভিযানে সাত জেলেকে আটক করেছে নৌ পুলিশ, বুধবার (২১ অক্টোবর) দিনভর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নিষিদ্ধ চায়না চাই, মশারি ও কারেন্ট জাল, মাছ এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
নৌ পুলিশ জানায়, প্রথম অভিযানে মেঘনা নদীতে নিষিদ্ধ চায়না চাই ও মশারি জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১৬০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক তিনটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও মোহনপুর নৌ পুলিশের যৌথ উদ্যোগে মা ইলিশ সংরক্ষণে অপর অভিযান চালানো হয়।
এখলাছপুর, বোরচর, মোহাম্মদপুর ও বাহাদুরপুর এলাকার মেঘনা নদীতে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও ৪ জেলেকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল, তিন কেজি মাছ ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধ মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন