রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৪৭ শতাংশ ভোট পড়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে সাড়ে চার ঘণ্টার মধ্যে এই অংশগ্রহণের হার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা।

হলভিত্তিক ভোটার উপস্থিতির তথ্য অনুযায়ী, হবিবুর রহমান হলে ৪১ শতাংশ, শেরেবাংলা হলে ৫৫, সোহরাওয়ার্দী হলে ৩৫, শহীদ শামসুজ্জোহা হলে ৪৫, রহমতুন্নেসা হলে ৫২, মাদার বখশ হলে ৫১, মন্নুজান হলে ৪৫, খালেদা জিয়া হলে ৫৬ এবং তাপসী রাবেয়া হলে ৫৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। ১৭টি কেন্দ্রে ৯১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসুর ২৩টি পদে ২৪৭ জন এবং ১৭টি হলের ২৫৫টি পদে ৬০১ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তুতিও রয়েছে।

কেন্দ্র পরিদর্শনে এসে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহজনক। ৭০ শতাংশের বেশি ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”

Facebook Comments Box