দেশীয় প্রজাতির মাছ, শামুক, জাটকা ও মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান গড়ে তুলতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত হতদরিদ্র ও নিবন্ধিত জেলেদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথম পর্যায়ে ৬০ জন সুফলভোগী জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এ উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১৫ হাজার ৮১৮ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা প্রিয়াংক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে.এম রাফসান রাব্বি, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাহমিনা আক্তার, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া এবং ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিষিদ্ধ সময়ে জেলেদের আয়বিহীন অবস্থা কাটিয়ে উঠতে বিকল্প আয়ের উৎস তৈরি করা অত্যন্ত জরুরি। বকনা বাছুর বিতরণ কার্যক্রম জেলেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে তাদের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনবে।
Facebook Comments Box




মন্তব্য করুন