শরীয়তপুর সদর উপজেলার আংগাড়িয়া ইউনিয়নে মানবপাচার চক্রের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অন্তত ৩০টি পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন নুরুজ্জামান বেপারী ও কুদ্দুস জমাদার নামে দুই ব্যক্তি। ভুক্তভোগীদের দাবি, তারা যুবকদের বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা নেন। পরে বিদেশে নিয়ে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে আরও টাকা দাবি করা হয়।

ভুক্তভোগী হারুন বেপারী জানান, তার ছেলে সাইফুল ইসলামকে বিদেশে পাঠানোর নামে ৩৩ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও ছেলের কোনো খোঁজ মেলেনি।

তিনি বলেন, “আমরা জমি বিক্রি করে টাকা দিয়েছি। এখন ছেলে কোথায় আছে জানি না। মামলা করেছি, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি।”

অন্য পরিবারগুলোর অভিযোগ, বিদেশে নেওয়ার পর যুবকদের শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে ভয় দেখানো হয় এবং মুক্তিপণের মতো করে অতিরিক্ত টাকা দাবি করা হয়। অনেক পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও তারা আইনের ফাঁকফোকর ব্যবহার করে এখনো গ্রেপ্তার এড়াচ্ছেন। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নিখোঁজদের উদ্ধারে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের মতে, মানবপাচার চক্রের এমন তৎপরতা শুধু কয়েকটি পরিবার নয়, পুরো সমাজের জন্য উদ্বেগজনক। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box