সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছেন। সোমবার (২ মার্চ) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তাঁর ব্যাংক হিসাব তলবের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।”
এর আগে, বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) জমা দেওয়ার নির্দেশনা দেয়। জানা গেছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া একটি অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে গত ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন