মিয়ানমার ও এর আশপাশের উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে দেশের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতি অনুযায়ী সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে অতি ভারী হিসেবে বিবেচনা করা হয়।
টানা ভারী বৃষ্টির কারণে পাঁচ জেলার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে অতিবৃষ্টির ফলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্কভাবে চলাচল করতে এবং আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন