শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পূজার ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিল একদিন। পরবর্তীতে সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে আরও একদিন ছুটি বাড়ানো হয়। এবার আরও একদিন ছুটি যুক্ত হওয়ায় পূজার সরকারি ছুটি দাঁড়িয়েছে তিন দিনে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে ছুটি থাকবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর সাধারণ ছুটির পর ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন সরকারি অফিস বন্ধ থাকবে।

এর আগে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী জানিয়েছিলেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার কথা জানানো হয়েছিল।

এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে বিভাগ ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং ব্যবস্থা থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) একটি অ্যাপ ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে।

পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটলে বিকল্প হিসেবে জেনারেটর প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেনারেটরেও সমস্যা হলে চার্জার লাইটসহ বিকল্প আলোর ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক যোগাযোগ ও সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা রয়েছে। কোনো মণ্ডপ ঝুঁকিপূর্ণ হওয়ার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের নেতারাও ছুটি বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

Facebook Comments Box