টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে দেশের শীর্ষ ১২ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া র্যাংকিংয়ে অংশ নেওয়া আরও ১০টি বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় মূল তালিকায় স্থান পায়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭ প্রকাশ করে। সেখানে বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।
টিএইচই এবারের র্যাংকিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছে। শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণার প্রভাব, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়েছে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১-১০০০ ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই ব্যান্ডে বিশ্ববিদ্যালয়গুলোর নাম বর্ণানুক্রমে প্রকাশ করা হয়েছে।
১০০১-১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২০১-১৪০০ ব্যান্ডে জায়গা পেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৪০১-১৬০০ ব্যান্ডে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া ১৮০১-২০০০ ব্যান্ডে বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) রয়েছে।
র্যাংকিংয়ে অংশ নেওয়া হলেও মূল তালিকায় স্থান পায়নি বাংলাদেশের আরও ১০টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
টিএইচই-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে শিক্ষা, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সম্ভাবনাকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ দেশের উচ্চশিক্ষা খাতের আন্তর্জাতিক মূল্যায়নে তাদের অবস্থান তুলে ধরেছে।

মন্তব্য করুন