মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক প্রবীণ নেতা মরহুম দেলোয়ার হোসেন খান (দিলু)-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দুই সংসদ সদস্যসহ জেলা ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়ে প্রয়াত এই নেতার অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
​মঙ্গলবার বাদ জোহর শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের খানবাড়ি জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​স্মরণসভা ও মিলাদ মাহফিলে উপস্থিতি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির দলীয় প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা। এছাড়া মাদারীপুর জেলা ও শিবচর উপজেলার ১৮টি ইউনিয়ন এবং পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলাদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা মরহুম দেলোয়ার হোসেন খানের রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, দলের কঠিন ও প্রতিকূল সময়ে শিবচরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে গতিশীল করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে নিজের সন্তান তুরাগ খানকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত করেছেন। প্রবীণ এই নেতার ত্যাগের স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে তাঁর পরিবারকে মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
​স্মৃতিচারণ শেষে মরহুম দেলোয়ার হোসেন খানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box