শরীয়তপুরের জাজিরায় উন্মুক্ত ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় নেওয়া এ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জাজিরা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমাতুজ জহুরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এস এম বজলুর রশিদ, যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব রহমান লিটু সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজী, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলন, যুবদলের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. দবির বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জাজিরা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জাজিরা টাইমসের অ্যাডমিন মো. আব্দুর রহিম মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
পোনামাছ অবমুক্ত করার পর সাঈদ আহমেদ আসলাম বলেন, দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে তাদের উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করা জরুরি। মৎস্য চাষের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার ফলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে। একই সঙ্গে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Facebook Comments Box

মন্তব্য করুন