জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে শরীয়তপুর-ঢাকা দূরপাল্লার গণপরিবহনে। আগামী ১ অক্টোবর থেকে এই রুটে যাতায়াতকারী প্রতিটি যাত্রীবাহী বাসে জনপ্রতি ভাড়া ৩০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগে যা ২৫০ টাকা ছিল, এখন থেকে যাত্রীদের গুনতে হবে ২৮০ টাকা।
​শরীয়তপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক গ্রুপ এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে আলোচনার পর নতুন এই ভাড়া তালিকা চূড়ান্ত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে শরীয়তপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সব কোম্পানির বাসে এই পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর করা বাধ্যতামূলক করা হয়েছে।
​পরিবহন খাতের উদ্যোক্তারা জানান, জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ায় বাস পরিচালনার প্রতিদিনের খরচ একলাফে অনেক বেড়ে গেছে। বাড়তি পরিচালন ব্যয়ের কারণে বিদ্যমান ভাড়ায় বাস চালানো অলাভজনক হয়ে পড়ায় নতুন এ ভাড়া সমন্বয় ছাড়া কোনো উপায় ছিল না।
​ভাড়া বাড়ানোর পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে শরীয়তপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ চৌকিদার জানান, সড়ক পরিবহন বিভাগ থেকে মূলত ৩১২ টাকা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে একলাফে ২৫০ টাকা থেকে ৩১২ টাকা করা হলে সাধারণ যাত্রীদের মারাত্মক ভোগান্তি ও আর্থিক চাপে পড়তে হতো। সাধারণ মানুষের সামর্থ্যের কথা চিন্তা করেই মালিক ও শ্রমিক সংগঠনগুলো আলোচনার মাধ্যমে আপতত ৩০ টাকা বাড়িয়ে নতুন ভাড়া ২৮০ টাকায় স্থির করেছে।

Facebook Comments Box