কক্সবাজার সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব পঙ্কজ বড়ুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ঘুষ হিসেবে জমি নেওয়ার অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অনুমোদন পাওয়া অন্য আসামিরা হলেন কক্সবাজার সদর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ নূর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেনের শ্যালক মফিজুর রহমান, সৈয়দ নূরের শ্যালক ইফতেখারুল হাসান এবং পঙ্কজ বড়ুয়ার দাদী শাশুড়ি দীপিকা বড়ুয়া।

দুদক জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আরেক ব্যক্তি কক্সবাজার সদর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেন ২০২৪ সালের ১ অক্টোবর মারা যান। এ কারণে তাকে মামলার অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, আদালতের ডিক্রির পর কক্সবাজার মৌজায় ৩০ শতক জমির নামজারি খতিয়ান করার জন্য সংশ্লিষ্ট মালিক প্রয়োজনীয় রেকর্ডপত্র জমা দেন। অভিযোগ রয়েছে, নামজারি করে দেওয়ার বিনিময়ে তার কাছে ঘুষ হিসেবে জমি দাবি করা হয়।

পরবর্তীতে ওই জমির মালিক একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যমে ২০১৭ সালের ৩০ এপ্রিল মোট ৯ শতক জমি রেজিস্ট্রি করে দেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ওই ৯ শতক জমির মধ্যে তিন শতক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেনের পক্ষে তার শ্যালক মফিজুর রহমানের নামে রেজিস্ট্রি করা হয়। আরও তিন শতক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ নূরের পক্ষে তার শ্যালক ইফতেখারুল হাসানের নামে এবং বাকি তিন শতক তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়ার পক্ষে তার দাদী শাশুড়ি দীপিকা বড়ুয়ার নামে রেজিস্ট্রি করা হয়।

দুদকের অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬২ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে মামলা দায়েরের পর অভিযোগের বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের বক্তব্য ও আদালতের সিদ্ধান্তের বিষয়টি আলাদাভাবে বিবেচিত হবে।

Facebook Comments Box