বাংলাদেশে তিনটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শাখা ক্যাম্পাস পরিচালনার প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব প্রতিষ্ঠানে ভর্তি না হওয়ার জন্য শিক্ষার্থীদের সতর্ক করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদনবিহীনভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে — ১. আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ইউএসএ, ২. ট্রিনিটি ইউনিভার্সিটি, ইউএসএ, এবং ৩. স্পিরিচুয়াল ইনস্টিটিউট অব নিউ ইয়র্ক (স্টেট ইউনিভার্সিটি অব)। ইউজিসি স্পষ্টভাবে জানিয়েছে, সরকার কিংবা কমিশনের পক্ষ থেকে এ তিন বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার কোনো অনুমোদন দেওয়া হয়নি।

সংস্থাটি জানায়, সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড থেকে দুই শিক্ষার্থীর সনদ যাচাইয়ের আবেদন আসে। যাচাই প্রক্রিয়ায় দেখা যায়, প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে ভুয়া শাখা ক্যাম্পাস খুলে ডিগ্রি দিচ্ছে।

ইউজিসি জানায়, এসব অবৈধ ক্যাম্পাস ব্যাচেলর, মাস্টার্স, এমবিএ, এমফিল ও পিএইচডি পর্যায়ের ডিগ্রি প্রদান করছে, যা আইনানুগ নয়। শিক্ষার্থীদের অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের তালিকা যাচাই করে ভর্তি হতে আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box