বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যার একটি বড় অংশ কানাডায় স্থানান্তরিত হয়েছে। বিশেষ করে টরন্টোর ‘বেগমপাড়া’ এলাকায় দুর্নীতিবাজদের সম্পদ অর্জনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন তিনি। পাচারকৃত অর্থ চিহ্নিত, জব্দ ও ফেরত পাঠানোর ক্ষেত্রে কানাডার কার্যকর সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এ প্রসঙ্গে হাইকমিশনার অজিত সিং আশ্বস্ত করে বলেন, অর্থপাচার রোধ ও অবৈধ সম্পদ জব্দ করার জন্য কানাডার নিজস্ব একটি প্রক্রিয়া রয়েছে। তিনি বলেন, “আপনার সরকার যাদের চিহ্নিত করবে, তাদের পাচার করা সম্পদ আটকে রাখার ব্যবস্থা আমাদের দেশে আছে।”

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ প্রসার নিয়েও আলোচনা হয়। কানাডার হাইকমিশনার জানান, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী এবং শিগগিরই এক কানাডীয় মন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনার জন্য ঢাকা সফর করবেন।

এছাড়া, কানাডার সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় একটি ভিসা অফিস স্থাপনের বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, “অনেক বাংলাদেশি এখন কানাডায় বসবাস ও পড়াশোনা করেন। তাই ঢাকায় কানাডার একটি পূর্ণাঙ্গ ভিসা অফিস খোলা সময়ের দাবী।”

বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box