রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ও জাদুঘর বিক্ষুব্ধ ছাত্র-জনতার আক্রমণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই তাণ্ডবের একপর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। একইসঙ্গে ‘সুধা সদন’ ভবনেও ভাঙচুর চালানো হয়।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে ‘জুলাই রেভল্যুশনারি এলায়েন্স’ এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ উদ্যোগে আয়োজিত ‘মার্চ টু ৩২’ কর্মসূচির অংশ হিসেবে এই ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যার পর থেকেই ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জমায়েত হতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে কয়েকশ বিক্ষোভকারী ভবন ভাঙতে শুরু করে। প্রথমে হাতুড়ি ও লাঠির সাহায্যে ভবনের সীমানা প্রাচীর ভাঙা হয়, পরে জানালার গ্রিল ও কাঠ খুলে নেওয়া হয়। রাত ১১টায় ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বুলডোজার আটকে দিলেও পরে জনতার চাপে সেটিকে প্রবেশের অনুমতি দেয়।

এই ঘটনার সময় ধানমন্ডি ৩২ নম্বর সড়কজুড়ে হাজারো বিক্ষোভকারী অবস্থান নেয় এবং ‘স্বৈরাচারের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।

এদিকে, একই রাতে খুলনার ময়লাপোতা এলাকায় শেখ হাসিনার আত্মীয়ের বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও নামফলক ভাঙচুরের খবর পাওয়া গেছে। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের বাসভবনও বিক্ষোভকারীদের হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

 

Facebook Comments Box