সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে এই ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন, যাদের মধ্যে এক নারীকে আহত অবস্থায় পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে পাঠায়।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। পরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে সেখানে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের এক রায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়। কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়।

এর আগে, ১৯ নভেম্বর হাইকোর্ট তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেন। তবে আপিল বিভাগ হাইকোর্টের মৌখিক পরীক্ষা স্থগিতাদেশ খারিজ করে দিলে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে আদালত তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

Facebook Comments Box