দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, এই পরিস্থিতিতে আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই, তবে ব্যর্থতা কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা ও দৃঢ় সংকল্প রয়েছে।
সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের প্রতি গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক এক কর্মশালায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব মন্তব্য করেন।
আইন উপদেষ্টা জানান, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিনের অবহেলায় জর্জরিত। এই ধ্বংসপ্রাপ্ত কাঠামোকে সংস্কার করে কার্যকর করতে সময় ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, “আমরা একটি ভঙ্গুর ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ শুরু করেছি। এ থেকে উত্তরণে আমাদের সময় লাগছে।”
ড. আসিফ নজরুল উল্লেখ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে অর্থের জোর ও কুচক্রী মহলের ভূমিকা রয়েছে। তিনি বলেন, “যাদের হাতে হাজার কোটি টাকা ও অসৎ উদ্দেশ্য রয়েছে, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে। এই বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি।” তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে এবং সমন্বিত সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।
বিচার প্রক্রিয়া নিয়েও তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনার কথা জানান। “যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নির্দোষ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষার জন্যও সমন্বয়ের ওপর জোর দেওয়া হচ্ছে,” বলেন তিনি।
আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি আশা প্রকাশ করেন, ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টায় দেশ একটি স্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে যাবে।

মন্তব্য করুন