দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জনগণের উদ্দেশে সচেতনতার আহ্বান জানিয়ে বলেছেন, শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও হাতে অভিযান পরিচালনার এখতিয়ার নেই। “উচ্ছৃঙ্খলতা বা জনতার হাতে বিচারের ঘটনা রোধে আমরা কঠোরভাবে কাজ করছি। এটা অস্বীকার করা যায় না যে এ ধরনের ঘটনা ঘটছে, তবে জনগণকেই এগিয়ে আসতে হবে,” বলেন তিনি।
মহাসড়কে ডাকাতির ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। আসন্ন রমজান ও ঈদকে কেন্দ্র করে ছিনতাই ও ডাকাতি ঠেকাতে বিশেষ পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি। “আমরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে,” যোগ করেন তিনি।

মন্তব্য করুন