দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হন তিনি। এ সময় বিমানবন্দর ও আশপাশের সড়কে হাজারো বিএনপি নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ঢাকা মহানগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। গোটা পথজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, তিনি গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্য করুন