সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে তিনি বলেন, নির্বাচনের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসা উচিত এবং সব সিদ্ধান্তে জাতীয় স্বার্থ ও রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য।

তিনি ‘মব ভায়োলেন্স’-এর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন এবং বলেন, সেনাবাহিনী কোনো বিশৃঙ্খলা সহ্য করবে না। চট্টগ্রাম বন্দরের পরিচালনা, রাখাইন করিডর ইস্যু, সংস্কার কার্যক্রমে সেনাবাহিনীর উপেক্ষা এবং বিদেশি প্রভাব নিয়েও তিনি সতর্কতা প্রকাশ করেন।

সেনাপ্রধান জানান, সেনাবাহিনী কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ পোষণ করে না এবং জাতীয় স্বার্থের বাইরে যাবে না। নির্বাচনি দায়িত্বে নিরপেক্ষতা বজায় রাখতে সব সদস্যকে নির্দেশ দেন তিনি। ঈদুল আজহাকে সামনে রেখে জনগণের নিরাপত্তায় সহায়তারও আশ্বাস দেন।

তিনি বলেন, এখন রাজনৈতিক সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা সীমিত। পাশাপাশি জাতিসংঘের গণহত্যা প্রতিবেদন সম্পর্কে সেনাবাহিনীকে অজ্ঞাত রাখার বিষয়েও উদ্বেগ জানান তিনি।

সেনাবাহিনীকে ‘প্রক্সি যুদ্ধের’ হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত সেনাবাহিনী কখনোই তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না।

Facebook Comments Box