রাজধানীর সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে আয়োজিত ঘেরাও কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জে অন্তত ৭৫ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে সচিবালয়ের ৬ নম্বর গেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভকারীরা ‘এক দফা’ দাবিতে সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ শুরু হয়।

আহত ৫০ জনের পরিচয় পাওয়া গেলেও বাকি ২৫ জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহতদের মধ্যে একজন ভর্তি রয়েছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”

একজন আন্দোলনকারী অভিযোগ করেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু আমাদের লক্ষ্য ভন্ডুল করতে পুলিশ অতর্কিতে হামলা চালায়।”

এ ঘটনায় সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অতিরিক্ত র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box