নরসিংদী শহরের প্রায় সব সড়কই বেহাল হয়ে পড়েছে। পুরো সড়কজুড়ে খানাখন্দ থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। এসব সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ছোট-বড় মিলিয়ে হাজারেরও বেশি যানবাহন চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যাত্রী, চালক ও পথচারীরা আতঙ্কে থাকেন।
এলাকার লোকজন একাধিকবার ইটের খোয়া ও বালু দিয়ে সড়ক মেরামতের চেষ্টা করলেও প্রবল বর্ষণের পানিতে তা ধুয়ে আবার আগের মতো হয়ে যায়। স্থানীয়দের দাবি, অতি দ্রুত বাজারের রাস্তাঘাট সংস্কার করা হোক।
বর্তমানে নরসিংদী পৌরসভায় জন প্রতিনিধি না থাকায় নরসিংদীর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে দেখা গেছে, শহরের অধিকাংশ সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনার শিকার হয়ে যাত্রীদের নামিয়ে অনেক কষ্টে যানবাহন চলাচল করছে। শহরের ইনডেক্স প্লাজা, বাজির মোড়, হেমেন্দ্র সাহার মোড় থেকে পৌরসভা পর্যন্ত সড়ক খানাখন্দে ভরপুর। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগছে।
স্থানীয় বাসিন্দা অহিদ মিয়া জানান, বর্তমানে সড়কের অবস্থা দেখে মনে হয় পুকুর খনন করা হয়েছে। প্রায়ই গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয়। গত কয়েক দিনের প্রবল বর্ষণে শহরের প্রাণকেন্দ্র জেলখানা মোড় থেকে সদর উপজেলার মোড়সহ অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। এতে মানুষের দুর্ভোগের সীমা থাকে না।
এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভারী বর্ষণে সহজেই ড্রেনগুলো উপচে পড়ে, ফলে বাজারের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়।
এ বিষয়ে নরসিংদী পৌর প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সুজিত সাহা জানান, পৌর প্রশাসক বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন