টাঙ্গাইলের মির্জাপুরে এক বিরল ঘটনার জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হওয়ার পর স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি একসঙ্গে চার সন্তানের জন্ম দেন—তিন ছেলে ও এক মেয়ে। নবজাতকরা অকালপ্রসূত হওয়ায় প্রত্যেকের ওজন প্রায় এক কেজি।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে সৌদি প্রবাসী নাজমুল ইসলামের সঙ্গে বিথীর বিয়ে হয়। গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসা ও আল্ট্রাসনোগ্রাম করানো হলেও পরিবার ধারণা করেছিল তিনটি সন্তান হবে। কিন্তু প্রসবের সময় চতুর্থ সন্তানের বিষয়টি সবার জন্যই ছিল বিস্ময়কর।

হাসপাতালের চিকিৎসক ডা. সুমা জানান, নবজাতকদের ওজন কম হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। পাশাপাশি মা বিথীকেও শারীরিক ও মানসিকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিথীর বাবা বাদল মিয়া মেয়ের ও নাতি-নাতনিদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই ঘটনা স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা বাড়িয়েছে।

—

Facebook Comments Box