জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ছাত্র রাজনীতি যেন শিক্ষা ও জনগণের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয় এবং কোনোভাবেই ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার খেলায় পরিণত না হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বাংলাদেশ ছাত্রলীগের (বৈ.স) নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মত প্রকাশ করেন।

আবদুর রব বলেন, “ছাত্র রাজনীতি জনগণের স্বপ্ন ও ন্যায়বোধকে কেন্দ্র করে গড়ে উঠতে হবে। এটি কখনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত উচ্চাকাঙ্ক্ষার প্রতিযোগিতা হতে পারে না। রাজনীতি হচ্ছে ন্যায়, শিক্ষা ও মানুষের মর্যাদার জন্য সংগ্রাম। ক্ষমতার লড়াই মুখ্য হলে রাজনীতি স্বার্থনির্ভর হয়ে পড়ে; কিন্তু জনগণের কল্যাণে ভিত্তি করলে তা সমাজের জন্য নৈতিক শক্তিতে রূপ নেয়।”

সভায় জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলেন, “ডাকসুতে ছাত্রশিবিরের অপ্রত্যাশিত জয় এবং বিএনপি-সমর্থিত জুলাই অভ্যুত্থানপন্থী গোষ্ঠীর পরাজয় দেশের ভবিষ্যৎ রাজনীতির নৈতিক ভিত্তি পরীক্ষা করার মুহূর্ত। পুরনো কৌশল অতিক্রম করে সমাজোপযোগী নতুন রাজনৈতিক রূপরেখা তৈরি জরুরি।”

সৌজন্য সাক্ষাতে বৈ.স ছাত্রলীগের সভাপতি মোসলেহ উদ্দিন বিজয় ও সাধারণ সম্পাদক নাবিলা সুলতানার নেতৃত্বে শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া ররসহ উভয় পক্ষের অন্যান্য নেতারাও আলোচনায় অংশ নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ছাত্র রাজনীতির উত্থান ও পুনর্গঠন ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দিতে পারে, যদিও এই পরিবর্তনের টেকসইতা এখনও পর্যবেক্ষণসাপেক্ষ।

Facebook Comments Box