২০ সেপ্টেম্বর, মগবাজার, ঢাকা — ইসলামী ছাত্রশিবিরের ডাকসু ও জাকসু নির্বাচনে বিজয়কে “আল্লাহর খাস রহমত” হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই বিজয়ের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ।
শনিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি বলেন, “আমরা যাদের ভালোবাসি এবং যারা আমাদের ভালোবাসেন, তাদের নিয়েই তিনশ’ আসনে নির্বাচন করার আশা করছি।” তিনি দলীয় কর্মীদের আর্থিক কোরবানিসহ সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। অনেকেই জীবন দিয়েছেন, কেউ হাত-পা হারিয়েছেন। সেই ত্যাগের বিনিময়ে মহান বিজয় এসেছে।”
“অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। জনগণের সেবক হতে হবে, বিনয়ী হতে হবে।” বললেন ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, “সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে অনেকে নিহত হয়েছেন, দেশ ছেড়েছেন। এখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি।” আল্লাহর শুকরিয়া আদায়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফল দেয়ার মালিক আল্লাহ।”
অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার। বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা আবদুল হালিম ও মাওলানা এটিএম মা’ছুম। সারাদেশ থেকে নির্বাচিত শূরা সদস্যরা অধিবেশনে অংশ নেন।

মন্তব্য করুন