পঞ্চগড়, ১ অক্টোবর ২০২৫ (বুধবার):
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে এবং করতে হবে—এ ছাড়া আর কোনো বিকল্প নেই। বুধবার বিকেলে আটোয়ারী উপজেলার মালিগাঁও তেঁতুলতলা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, আইনগতভাবে সব যোগ্যতা পূরণ করেও এনসিপি শাপলা প্রতীক থেকে বঞ্চিত হয়েছে, যা তার মতে অন্যায় ও বৈষম্যমূলক। সারজিসের দাবি, নির্বাচন কমিশন চাপ বা ভয়ের কারণে স্বেচ্ছাচারিতার পথে হাঁটছে।
সারজিস আলম বলেন, “আমরা শুরু থেকেই স্পষ্ট করেছি—শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা ছিল না। এখন মনে হচ্ছে, কমিশন কোনো চাপ বা ভয়ের কারণে বৈষম্যমূলক আচরণ করছে।”
তিনি আরও জানান, এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব যোগ্যতা অর্জন করেছে। কিন্তু প্রতীক না দেওয়ায় একটি বড় গোষ্ঠীর অস্বস্তি তৈরি হয়েছে। তার মতে, সাংবিধানিক প্রতিষ্ঠান যদি অভ্যুত্থান-পরবর্তী সময়ে এভাবে স্বেচ্ছাচারিতা করে, তবে তাদের ওপর আস্থা রাখা কঠিন হবে।
প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য—আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে—এ প্রসঙ্গে সারজিস বলেন, দেশের মানুষের ত্যাগ-তিতিক্ষা ভুলে গিয়ে আন্তর্জাতিক মহলে ইমেজ রক্ষার জন্য এমন অবস্থান গ্রহণ করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
শেষে তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো ভূমিকা থাকবে না এবং দলটি আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সময়ের দাবি।

মন্তব্য করুন