শুক্রবার, ৩ অক্টোবর ভোর ৫টায় সুন্দরবনের শিবসা নদী-সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে চারজন জেলেকে মুক্ত করেছে কোস্টগার্ড। একই অভিযানে উদ্ধার করা হয়েছে একনলা বন্দুক, দুটি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বেইস ও নলিয়ান আউটপোস্টের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ডাকাতদের আত্মসমর্পণের আহ্বানে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের গভীরে পালিয়ে যায়।

উদ্ধারকৃত জেলেরা হলেন—খুলনার কয়রা থানার মো. মফিজুল ইসলাম (৪২), মো. হাবিবুর রহমান (৩৭), দাকোপ থানার মো. হাবিবুর (৩৫) এবং সাতক্ষীরার শ্যামনগর থানার শাহজাহান গাজী (৪০)।

জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের গত ১০ দিন ধরে জিম্মি করে রেখেছিল এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শারীরিক নির্যাতন চালিয়েছিল।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই অভিযান সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতি ও জলদস্যু দমনে কোস্টগার্ডের সক্রিয় ভূমিকা পুনরায় সামনে এনেছে।

Facebook Comments Box